
জাতীয় নির্বাচনের আগে কুমিল্লায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার!
ডেস্ক রিপোর্ট:
“ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই”নির্বাচন র্মকর্তার বক্তব্যের পর প্রশ্ন, নির্বাচনের দিন কী হবে?
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে জেলা নির্বাচন কর্মকর্তার দাবি—কুমিল্লায় কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই; অন্যদিকে ঠিক সেই সময় এক ছাত্রদল নেতার বাড়ি থেকে বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনা নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচথুবি ইউনিয়ন ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ-এর নিজ বাসভবন থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী পাঁচথুবি ইউনিয়নে তোফায়েল আহমেদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে তা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমতট টিভি -এর কুমিল্লা জেলা প্রতিনিধিকে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হেফাজতে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত তোফায়েল আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কর্মকর্তার বক্তব্য ও বাস্তবতার ফারাক?
উল্লেখ্য, এর কিছুদিন আগেই কুমিল্লার জেলা নির্বাচন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছিলেন—জেলায় কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই এবং নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে রাজনৈতিক পরিচয়সম্পন্ন একজন নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের মতো ঘটনা সেই বক্তব্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও সচেতন মহল। তাদের মতে, ভোটকেন্দ্রের তালিকায় ‘ঝুঁকিপূর্ণ’ শব্দ না থাকলেও নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের অস্তিত্বই সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত দেয়।
নির্বাচনের দিন কী হবে উদ্বেগ বাড়ছে
স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে শঙ্কা। তাদের প্রশ্ন যদি এখনো রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়, তবে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে? বিশেষ করে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: 













